জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না জনগণ: সাদিক কায়েম

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”

শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যরাও নিজেদের অনুভূতি তুলে ধরেন। এছাড়া আন্দোলনের অংশগ্রহণকারী, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মেলনে উপস্থিত ছিলেন।