আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।
ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা ওই তরুণীকে দুই হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলেন, শিক্ষার্থী বিক্ষোভে অন্যদের প্রভাবে পড়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। নিজের সেই আচরণকে ভুল স্বীকার করে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান।
এফআইআরে তার বয়স ২৫ বছর উল্লেখ থাকলেও ভিডিওতে তিনি নিজের বয়স ১৫ বছর বলে দাবি করেন। তিনি বলেন, এটি তার জীবনের প্রথম ও শেষ ভুল এবং তিনি নিজের আচরণের জন্য লজ্জিত। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
বুধবার নয়ডার একটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে নয়ডা পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে, যা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তরুণীর মন্তব্য প্রধানমন্ত্রীর পদের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং তা সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।
এদিকে, শিক্ষার্থী বিক্ষোভে নিজের বিরুদ্ধে ওঠা আপত্তিকর স্লোগান প্রসঙ্গে শুক্রবার প্রকাশিত এক ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযম ও ক্ষমার আহ্বান জানান। তিনি বলেন, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান নয়; ভুল করা মানুষকে শাস্তি নয়, সঠিক পথে ফিরিয়ে আনাই বেশি গুরুত্বপূর্ণ।
