আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বকাপকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে ফিফা। এ লক্ষ্যে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটি পুরুষ ও নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক পরিচালনার দায়িত্ব পালন করবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। তবে ২০ থেকে ৩০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে কয়েক বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল ফেডারেশন প্রায় ২ কোটি ডলার মূল্যের শেয়ার পাবে, যা তারা সংরক্ষণ বা বিক্রি করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি জানালে অতিরিক্ত অর্থও পাবে সদস্য সংস্থাগুলো।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকা। সেখানে রয়েছেন মার্কিন ব্যবসায়ী জোশুয়া কুশনার, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। ফলে ট্রাম্প পরিবারের সঙ্গে এই প্রকল্পের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
সমালোচকদের আশঙ্কা, ফুটবলের সবচেয়ে বড় আসরের বাণিজ্যিক ব্যবস্থাপনায় করপোরেট ও রাজনৈতিক প্রভাব বাড়তে পারে। যদিও ফিফার দাবি, নতুন কাঠামোর মাধ্যমে বৈশ্বিক ফুটবলে আরও বড় বিনিয়োগ ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।
