লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

শাপলা চত্বর হত্যা মামলা

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন শুনে এ আদেশ দেন। দুপুর ১টার দিকে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ২৭ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়।

বর্তমানে এ মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুসহ কয়েকজন। অন্যদিকে পৃথক মামলায় দণ্ডপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং আবদুর রাজ্জাকও কারাগারে রয়েছেন।

মামলার আনুষ্ঠানিক অভিযোগে শাপলা চত্বরে ৩২ জন এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এসব ঘটনা গণহত্যা, হত্যা, নির্যাতন এবং রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত নিপীড়ন হিসেবে মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।