ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

ভোল পাল্টে এখন সবাই ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার গঠনের পাঁচ মাস পরও সমাজে ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে এক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা ভোল পাল্টেছেন, তারাই এখন বেশি অপকর্মে জড়াচ্ছেন। তার দাবি, সরকার পরিবর্তন হলেও সমাজের বাস্তব চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন এবং সেই উদ্যোগ সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমান প্রত্যাশিতভাবে উন্নত না হওয়া দুর্ভাগ্যজনক। তার মতে, ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা তৈরি হয়। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের চেতনা ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সেই ত্যাগ বৃথা যাবে।

এদিকে একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনকে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার বা ব্যবসার হাতিয়ার বানাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।