নিজ সংবাদ:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬’ কর্মসূচি শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে ছাত্রদল অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সমাবেশ শেষে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে তারা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে নিরাপদে সার্কিট হাউসে পৌঁছে দেয়।
এনসিপির জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। তার দাবি, সমাবেশে দেওয়া একটি অশালীন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ সাধারণ মানুষ ধাওয়া দিয়েছেন।
সারজিস আলম অভিযোগ করেন, হামলায় কয়েকজন নেতাকর্মীর হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে এবং একজনের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও হামলার মুখে পড়তে হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
