এম সনজু আহমেদ \ বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। সমাবেশ শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়নে বাধ্য করব।” সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়া আঞ্চলিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল। সমাবেশে ছাত্র সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম। তিনি তাঁর বক্তব্যে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
