নিজ সংবাদ \ যাত্রীদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কুষ্টিয়া কোর্টস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম সচিব আলমগীর হোসাইন। গতকাল শনিবার (১৮ জুলাই) বেলা ৩টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন আকস্মিক পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের এই উর্দ্ধতন কর্মকর্তা। পরিদর্শনকালে যুগ্ম সচিব আলমগীর হোসাইন স্টেশন চত্বর ধূমপানমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন- রেলস্টেশন একটি জনসমাগমপূর্ণ স্থান। এখানে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখা শুধু আইনগত দায়িত্বই নয়, বরং জনস্বাস্থ্য সুরক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ রেলওয়ের যুগ্ম সচিব আলমগীর হোসাইন স্টেশনের সার্বিক পরিচ্ছন্নতা, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্টেশন কর্তৃপক্ষকে ধূমপানবিরোধী সাইনবোর্ড স্থাপন, নিয়মিত মাইকিং এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শন শেষে যুগ্ম সচিব আলমগীর হোসাইন বলেন- বাংলাদেশ রেলওয়ের সব স্টেশনকে ধাপে ধাপে ধূমপানমুক্ত ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ যাত্রীদের সহযোগিতা প্রয়োজন। স্টেশন এলাকা মাদকমুক্ত রাখার বিষয়ে তিনি আরো বলেন, সারাদেশে সরকারি নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীও তৎপর রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় কুষ্টিয়াতে মাদক বেশি। কারন উল্লেখ্য করে তিনি বলেন, কুষ্টিয়া বাউল সম্রাট ফকির লালন শাহের এলাকা। এখানে প্রশাসনের একার পক্ষে মাদকমুক্ত করা সম্ভব নয়। এ জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সকলের ঐক্য প্রয়োজন। দিকে রেলস্টেশনের উন্নয়নের ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে কোর্টস্টেশনের উন্নয়নে যাত্রীদের দাবির প্রেক্ষিতে টেন্ডার হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া রেলস্টেশনের উন্নয়ন কাজ শুরু হবে বলে জানান তিনি। এ সময় কুষ্টিয়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মোরফিদুল ইসলাম, সদস্য সরোয়ার হোসেন, তন্ময় রায়হান, তারেক রহমান। রেলওয়ে পুলিশের ইনচার্জ নুরুল ইসলাম, এ এস আই আব্দুল মালেক, সদস্য রফিকুল ইসলাম, জুয়েল, বুকিং ইনচার্জ ইতি আরা, বুকিং সহকারী শিশির, জিকুল, টিসি তরিকুল ইসলাম, শ্যামলী খাতুন উপস্থিত ছিলেন।
