নিজ সংবাদ \ মানবতার পাশে ‘ভিশন কুষ্টিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিয়েছেন সংগঠনটি। জেলার ইবি থানাধীন কৃত্তিনগর এলাকার মজিবার মালিথার ছেলে ইমরান হোসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য মরনব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয়ে হিমসিম খেতে হচ্ছে। তার এই দু:সময়ের খবর পেয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন সামাজিক সংগঠন ‘ভিশন কুষ্টিয়া’। গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে তার বাড়িতে ছুটে যান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সহধর্মিণী ভিশন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা লিনা জাকির। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে ভিশন কুষ্টিয়া-এর পক্ষ থেকে তিনি তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই ভিশন কুষ্টিয়া সবসময় অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন এই ক্যান্সার আক্রান্ত ভাইকে দ্রুত সুস্থতা দান করেন, তার কষ্ট লাঘব করেন এবং পরিবারটিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। এসময় ভিশন কুষ্টিয়া সংগঠনের সভাপতি খোন্দকার আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন প্রমূখ। উল্লেখ্য, বাবা-মায়ের আদরের সন্তান ইমরান হোসেন। জীবিকার তাগিদে এস বি সুপার ডিলাক্স পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অল্প আয়ের মধ্যেও স্ত্রী-সন্তান নিয়ে ছোট্ট সংসারটি সুন্দরভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই নেমে আসে জীবনের নির্মম এক পরীক্ষা। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। অসুস্থতার কারণে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়েন। ধীরে ধীরে সংসারে নেমে আসে অনিশ্চয়তা, আর চারদিকে যেন অন্ধকার ছেয়ে যায়। ঠিক এমন সময় সামর্থ অনুযায়ী মানবতার হাত বাড়িয়ে দিলেন ভিশন কুষ্টিয়া সংগঠনটি। এছাড়া সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয়রা।
