দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরসহ বিভিন্ন সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ জামালপুর বিওপির টহল দল গতকাল শুক্রবার ভোর ৫.১৫টায় মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে। এরআগে একই বিওপির টহল দল বৃহস্পতিবার ৩.৩০টায় কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। এছাড়াও কাজিপুর বিওপির টহল দল একইদিন ১২.৫০টায় কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৯৮ বোতল কীটনাশক (এলবা) উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ১৭৪ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।
