খোকসায় গড়াই নদীর তীররক্ষা বাঁধ ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কাজের উদ্বোধন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

খোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ি শ্মশানঘাট সংলগ্ন গড়াই নদীর তীররক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ বাঁধটি ঝুঁকির মুখে পড়ায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় জিও ব্যাগ ফেলার মাধ্যমে গড়াই নদীর তীররক্ষা বাঁধ সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আমির মোঃ নজরুল ইসলাম, খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধে ভাঙন দেখা দেওয়ায় বাজার, কালীবাড়ি শ্মশানঘাট এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে স্থায়ী ও টেকসইভাবে তীররক্ষা বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।