দৌলতপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন- “জুলাই আন্দোলনের শহীদদের রক্ত ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অমর মাইলফলক। কিন্তু আজও ক্ষমতালোভী মহল সেই গণতন্ত্রকে বারবার গলা টিপে ধরার চেষ্টা করছে।” অন্যান্য বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ তুলে ধরে বলেন, শহীদদের আদর্শ ভুলে গিয়ে শুধু আনুষ্ঠানিকতা পালন করা কোনোভাবেই যথেষ্ট নয়। তাঁরা ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জোরালো আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ধরনের কর্মসূচি শহীদদের আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। দৌলতপুর উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।