ক্লিন কুমারখালী-গ্রীণ কুমারখালির উদ্যোগে পরিষ্কার হলো পদ্মপুকুর-ঘাট

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ পরিচ্ছন্ন ও সবুজ কুমারখালী গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন কুমারখালী-গ্রীণ কুমারখালী’। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সংগঠনের সদস্যরা। অভিযানে অংশ নিয়ে তাঁরা ঘাট এলাকা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। সংগঠনের সদস্যরা জানান, শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তাঁরা। সংগঠনের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন বলেন, “চলমান বন্যা পরিস্থিতিতে কুমারখালীর যেখানেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেখানেই আমরা জল নিষ্কাশনের চেষ্টা করছি। আজ পদ্মপুকুর ঘাট এলাকায় অভিযান চালিয়েছি। পুকুরটি খুব সুন্দর হওয়া সত্ত্বেও অপরিষ্কার থাকায় পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। আমরা সেই পরিবেশকে সুন্দর করার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “আমরা ধাপে ধাপে কুমারখালী পৌর এলাকা এবং সমস্ত ইউনিয়নকে পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসব।” সংগঠনের সদস্যরা স্থানীয়দের এ ধরনের সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য কুমারখালী। এই স্বেচ্ছাসেবী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এমন কর্মসূচি নিয়মিত চললে শহরের পরিবেশ অনেকাংশে উন্নত হবে এবং নাগরিক সচেতনতাও বৃদ্ধি পাবে।