কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

কুমারখালী প্রতিনিধি \  নানা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের মদন মোহন আশ্রম থেকে ভগবান জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথযাত্রা শুরু হয়। রথটি শ্রী শ্রী রক্ষা কালী মন্দির হয়ে কুমারখালী শহরের থানার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবগ্রহ মন্দিরে এসে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা, হরিনাম সংকীর্তন এবং বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ‘অগ্নিহোত্র যজ্ঞ’ অনুষ্ঠিত হয়। রথ চলাকালীন সময়ে সড়কের দু’পাশে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। ভক্তরা রথের রশিতে টান দিয়ে পুণ্য অর্জন করেন। উৎসবের অংশ হিসেবে রথ থেকে ভক্তদের মাঝে প্রসাদ স্বরূপ বিভিন্ন ফলমূল বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে শেষ হয় এবারের রথযাত্রা।