শপিংমল কাম অফিস ভবনের সকল অংশীজনের সাথে কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃপক্ষের মতবিনিময়

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা পরিষদের শপিংমল কাম অফিস ভবনের সকল অংশীজনের সাথে গতকাল বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে মতবিনিময়  করেছেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বশিরুল আলম চাঁদ ও মিরাজুল ইসলাম রিন্টু, কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু প্রমূখ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি, শপিংমলের ব্যবসায়ী প্রতিনিধি, ভবনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সভায় ভবনের সার্বিক ব্যবস্থাপনা, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা রক্ষা এবং সেবার মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের মতামত, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। জেলা পরিষদের পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শপিংমল কাম অফিস ভবনকে আরও কার্যকর ও আধুনিক সেবাকেন্দ্রে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হলে ভবনের ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন- শপিংমলে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রচার-প্রচারণা এবং যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার এবং সময়মতো এসি ও লাইট বন্ধ রাখাতে হবে, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, নিজস্ব নিরাপত্তা প্রহরীদের কার্যক্রম বৃদ্ধি এবং শপিংমল খোলার ও বন্ধ করার নির্দিষ্ট সময় মেনে চলতে হবে, মলের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি, আমাদের শপিংমলের সার্বিক উন্নয়ন, ব্যবসা পরিচালনা সহজতর করার জন্য আপনাদের সহযোগিতা আশা করছি। উক্ত সভায় জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সকল অংশীজনের  উপস্থিতি ও মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।