কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীর বৃত্তি লাভ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবার জেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়টির ৬৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এর মধ্যে ৩৮ জন ট্যালেন্টপুলে এবং ২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম বলেন, “এটি আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের খবর। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের ছাত্রীরা তাদের মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে। শিক্ষকরাও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তাদের প্রস্তুত করেছেন। আমরা আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া জানান, “নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহ আমাকে এই সাফল্য অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশের সেবা করতে চাই।” অভিভাবক সুফিয়া খাতুন বলেন- “বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনা করিয়েছেন। তাদের প্রচেষ্টার কারণেই আমাদের সন্তানরা এত ভালো ফলাফল করতে পেরেছে। আমরা বিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই।” বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জেলার শিক্ষাঙ্গনে এই অর্জন ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।