নিজ সংবাদ \ বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি সামনে ও পেছনে নিরাপত্তাবেষ্টিত একাধিক গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশে এগিয়ে যাচ্ছে। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর বাসটির পেছনে থাকা তৃতীয় নিরাপত্তা গাড়ির সামনের অংশে একটি ইটের টুকরা এসে আঘাত করে। ঘটনাটি পরিকল্পিত নাশকতা নাকি চলন্ত কোনো যানবাহনের চাকা থেকে ছিটকে আসা ইটের টুকরার কারণে ঘটেছে—তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা লেগেছে। এটি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে, নাকি অন্য কোনো কারণে এসেছে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন। এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা হন। সকাল ১০টার কিছু আগে তিনি গৌরনদীর বাটাজোর এলাকায় পৌঁছান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই পথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
