এনআইডি কার্যক্রম উদ্বোধনে তিন দেশে তিন নির্বাচন কমিশনার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

ঢাকা অফিস \ প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিন নির্বাচন কমিশনার তিন দেশে সফর করছেন। সোমবার (১৩ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত সরকারি আদেশ থেকে এ তথ্য জানা গেছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাহরাইন সফর করছেন। তিনি সেখানে ১৫ থেকে ২১ জুলাই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং প্রবাসীদের ভোটদান, ভোটার নিবন্ধন ও এনআইডি সেবাবিষয়ক সভায় অংশ নেবেন। তার ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার একই উদ্দেশ্যে সুইডেনে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট অবস্থান করবেন। তিনি ৬ আগস্ট দেশে ফিরবেন। আরেক নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সিঙ্গাপুরে ২৯ জুলাই থেকে ৪ আগস্ট অবস্থান করবেন। তার ৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। এসব সফরের ব্যয় নির্বাচন কমিশনের স্মার্টকার্ড প্রকল্প (আইডিইএ-২) থেকে বহন করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মাল্লীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে এক লাখের বেশি আবেদন এসেছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার আবেদনকারী এনআইডি পেয়েছেন। সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণের পর দেশে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এনআইডি কার্ড ছাপায়। পরে দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট আবেদনকারীদের কাছে তা সরবরাহ করা হয়।