দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যায় থানায় মামলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ও চুরির অপবাদ দিয়ে চাচাতো ভাইয়েরা লাঠি ও লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে মামুন মোল্লা (৩৮) নামে এক যুবককে। নিহত যুবকের মরদেহ শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে পৌঁছালে গতকাল রবিবার সকাল ৯টায় তার দাফন সম্পন্ন হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নিহত যুবকের পিতা মোজাম মোল্লা বাদী হয়ে ১১জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। হত্যা মামলার এজাহার নামীয় ২জন আসামি গ্রেপ্তার হলেও বাকী আসামিরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে। এরআগে বুধবার রাতে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা করে সংঘবদ্ধ চোরেরা। এসময় ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট উদ্ধার করা হয়। টর্চলাইটটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। সন্দেহের জের ও পূর্ব বিরোধের সূত্র ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে শুকারঘাট এলাকায় মামুন মোল্লাকে একা পেয়ে চাচাতো ভাই জাব্বার মোল্লার নেতৃত্বে তার অপর ভাইয়েরা মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মামুন মোল্লাকে রক্ষা করতে তার পিতা মোজাম মোল্লা ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোররাতে মামুন মোল্লার মৃত্যু হয়। ঢাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে শনিবার গভীর রাতে নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠে। গতকাল সকালে পুলিশের উপস্থিতিতে নিজ এলাকায় মামুন মোল্লার দাফন সম্পন্ন হয়। এদিকে পুত্র হত্যার ঘটনায় নিহত মামুন মোল্লার পিতা হামলায় আহত মোজাম মোল্লা বাদী হয়ে ১১জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহার নামীয় আসামি জাব্বার মোল্লা (৩৫) ও উজ্জ্বল মোল্লা (৪৮) কে গ্রেপ্তার করে গতকাল রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে বাঁকী আসামির পলাতক রয়েছে। হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, চাচাতো ভাইদের হামলায় নিহত মামুন মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা মোজাম মোল্লা বাদী ১১জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ২জন এজাহার নামীয় আসামি গ্রেপ্তার হয়েছে। বাঁকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাবাবিক রয়েছে।