খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। শনিবার রাতে খোকসা থানা পুলিশের পরিচালিত অভিযানে এসআই আলালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চরপাড়া গ্রামের বিল্লাল (পিতা: ইসলাম)-কে গাঁজা সেবনের অভিযোগে আটক করে। রবিবার (১২ জুলাই) দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেন। খোকসা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
