এম সনজু আহমেদ ॥ চলমান মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দুইজনের বিরুদ্ধে চুরির মালামাল বহন ও মাদকাসক্ত অবস্থায় চুরির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করলে তাৎক্ষণিক বিচারে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের আসমানখালী বাজারে বিশ্বাস ফুডের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নান্দবার পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. রবিউল ইসলাম (৩২) এবং আসমানখালী বাজার এলাকার মৃত বাবুলাল হেলার ছেলে শ্রী চাঁদ কুমার হেলাল (২৭)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে জামজামি পুলিশ ক্যাম্পের অভিযানে ঘোষবিলা গ্রামের চেয়ারম্যান মোড় এলাকা থেকে ঘোষবিলা গ্রামের মো. বাবলুর ছেলে মো. খোকন (৪০)-কে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে একটি সিলভারের কলস, একটি বড় সিলভারের পাতিল, একটি ছোট সিলভারের পাতিল, একটি সিলভারের পাতিলের ঢাকনা এবং চারটি স্টিলের চামচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামাল জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরদিকে আলমডাঙ্গা থানা পুলিশের নেতৃত্বে বকশিপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বকশিপুর মাঝেরপাড়া গ্রামের মৃত সারজেদ আলীর ছেলে মো. রনি আলী (১৯)-কে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত অবস্থায় দুটি কলার কাঁদি বহন করছিলেন, যা চুরির অভিযোগে জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গতকাল রোববার গ্রেফতারকৃত চারজনকে চুয়াডাঙ্গার আদালতে হাজির করা হলে আদালত তাৎক্ষণিক বিচারে রায় প্রদান করেন। আদালতের রায়ে রবিউল ইসলাম ও শ্রী চাঁদ কুমার হেলালকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। অর্থদন্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। মো. খোকনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। এছাড়া মো. রনি আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। অনাদায়ে তাকেও আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আলমডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।
