চুয়াডাঙ্গা-মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

এম সনজু আহমেদ \ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুল্লাহ কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও সংসদ সদস্য মো. রুহুল আমিন এমপি, চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুর রউফ মুকুল। সম্মেলনে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও চলমান সংকটের বিষয়গুলো তুলে ধরে এ নিয়ে আলোচনা ও সমালোচনা করেন। বক্তারা বলেন- দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রম আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সম্মেলনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।