জীবননগর প্রতিনিধি \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে মাদকসেবন করা অবস্থায় এক যুবককে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। আটককৃত যুবক শফিকুল ইসলাম (৩৫) মৃগমারী গ্রামের সরকার পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে। গতকাল শনিবার বিকালে তাকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে ধরে গ্রামবাসী। পরে জীবননগর থানা পুলিশের নিকট খবর দিলে তারা তাকে আটক করে নিয়ে যায়। মৃগমারী গ্রামে মাদক নির্মূল কমিটির দায়িত্বে থাকা সবুজ হোসেন বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। তাকে এর আগে কয়েকবার সতর্ক করা হয়েছে, কিন্তু শোনেনি। বিকালে সরকারপাড়া বিলের মাঠে গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে পুলিশের খবর দিলে তারা এসে নিয়ে যায়। ইমরান হোসেন নামের আরেকজন বলেন, মাদকের প্রভাবে আজ আমাদের সমাজ ধ্বংসের পথে। মাদকের কারনে অনেক সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা গ্রামবাসীদের সাথে নিয়ে বেশ কিছু দিন ধরে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মাদকের সাথে জড়িত ব্যক্তিদের এর আগে অনেকবার সতর্ক করা হয়েছে। এখন আর ছাড় নয়। মাদকসহ যাকেই পাবো তাকেই ধরে পুলিশের হাতে তুলে দেবো। গত ২ দিন আগে ৩ জনকে ধরে পুলিশে দেওয়া হয়েছিলো। মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অব¯’ানে আছি।
