ঋণের চাপে মিরপুরে এক ব্যক্তির আত্মহত্যা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঋণের জেরে মানসিক চাপে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম হামিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার আমলা ইসলামপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। গত বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন হামিদুল। পরিবারের সদস্যরা তাকে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মারা যান। মৃতের জামাতা আরজুল জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণের চাপে হামিদুল মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন। ঋণ শোধ করতে না পেরে তিনি হতাশায় ডুবে যান। এরই জের ধরে তিনি বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা জানান, হামিদুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে। স্থানীয়রা বলছেন, ঋণের চাপে এ ধরনের আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের কাছে তারা দ্রুত ঋণখেলাপিদের সহায়তা ও মানসিক স্বাস্থ্য সেবা বৃদ্ধির দাবি জানিয়েছেন।