দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ শান্তিপাড়া নামক স্থানে গতকাল মঙ্গলবার ভোর ৫টায় বিজিবি টহল দল অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার রাত আনুমানিক ৯.২৫ টায় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এছাড়াও একইদিন আড়াইটার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কালাইপোড়া মাঠে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৬ লাখ ১৮ হাজার ৯৯০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।