নিজ সংবাদ \ কুষ্টিয়ায় বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘর কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রধান ডাকঘর চত্বরে বাংলাদেশ ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানান, একই দায়িত্ব পালন করলেও শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন বিভাগীয় কর্মচারীদের তুলনায় অনেক কম। তারা দাবি করেন, বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় স্বীকৃতি দিতে হবে। দীর্ঘদিন ধরে বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা। কুষ্টিয়ার এক শাখা ডাকঘরের পোস্টমাস্টার আবু জাফর বলেন, “আমরা নির্যাতন, বৈষম্য ও জুলুমের শিকার। একই কাজ করার পরও আমাদের চেয়ে বিভাগীয় কর্মচারীদের বেতন ১০ গুণ বেশি। আমাদের বেতনের কথা স্ত্রীদের কাছে বলতেও লজ্জা লাগে।” তিনি আরও জানান, ৬ তারিখ থেকে সারাদেশে শাখা ডাকঘরে এই ধর্মঘট চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অপর পোস্টমাস্টার মিজান বলেন, “আমরা চরম বৈষম্যের শিকার। সরকারের কাছে আবেদন, আমাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ সকল ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।” ধর্মঘটের কারণে কুষ্টিয়া জেলার বিভিন্ন ডাকঘরে স্বাভাবিক ডাকসেবা ব্যাহত হয়েছে। আন্দোলনরত কর্মচারীরা দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
