যে যত বেশি বই পড়বে সে তত আলোকিত হবে

কুষ্টিয়ায় বই পড়া প্রতিযোগীতার উদ্বোধনকালে ডিসি তৌহিদ বিন-হাসান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ  \ কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করার লক্ষ্যে “বই পড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন” করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে বই পড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার আয়োজনে বিদ্যালয়টির হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন- “মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমাদের শিশুদের স্ক্রিন টাইম বেড়ে গেছে। এছাড়া পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বই পড়ার অভ্যাসটা কমে গেছে। সেই বক্তব্যকে স্বাগত জানিয়ে পাঠ্যবইয়ের পাশাপাশি যাতে শিক্ষার্থীরা অন্যান্য বইপুস্তকও পড়ে সেজন্য তাদের কে উৎসাহিত করতেই আমাদের আজকের এই আয়োজন”। তিনি আরও বলেন, “এখন সব বাড়িতে-বাড়িতে যে মাত্রায় ডিভাইসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ততই বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে। এ কারণেই আমি আমার প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মহোদয়ের সাথে কথা বললাম- আমরা এই বই পড়ার অভ্যাস টাকে ফেরৎ আনতে চাই, সেজন্য কি করা যায়। ওনার আইডিয়া থেকেই আজকের এই বই পড়া প্রতিযোগিতার আয়োজন”।

 

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন-বই জ্ঞানের প্রদীপ। বই পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে সে তত আলোকিত হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের ক্ষেত্রে বিকাশ ঘটবে। শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃষ্টিশীল কাজে যাতে মনোনিবেশ করে সে দিকে সবারই লক্ষ্য রাখা উচিত। তিনি আরও বলেন বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। সমগ্র জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। ক্রমান্বয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া প্রতিযোগিতার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড সহ নানাবিধ সৃজনশীল কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বক্তারা বলেন, একটি আলোকিত, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। জেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।