শফিকুর রহমান \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর বালু মহলের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নাসিরুল বিশ্বাস (৪০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বালু ব্যবসায়ীদের দাবি, মুখোশধারী একটি দল ঘটনাস্থলে এসে চাঁদা দাবি করলে নাসিরুল বিশ্বাস ও তার সহযোগী আব্দুর রাজ্জাকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাসিরুল দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার শরীরে বিদ্ধ হলে স্থানীয়রা দ্রুত তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতের ছেলে মাহফুজুর রহমান অভিযোগ করেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান সবুজের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত দুই নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। হাসপাতালের চিকিৎসকরা জানান, নাসিরুলের শরীর থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। পায়ের গুলিটি বের করা সম্ভব হলেও পিঠে বিদ্ধ আরেকটি গুলি এখনও অপসারণ করা যায়নি। তার চিকিৎসা চলমান রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ভেড়ামারা থানা পুলিশ। হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
