খামেনির জানাজায় প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

ঢাকা অফিস \ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি এ কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথাও তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও অপরিহার্য। সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।