কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে ‘জুলাই সনদ’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এই সভার আয়োজন করে। যদুবয়রা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল কিশোরের সভাপতিত্বে ও সাধারণ আনিসুল রহমান আনিসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রাসেল উদ্দিন বাবু। কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন- জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান থাকে না। আমাদের দল এটা মেনে নিতে পারে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। ১১টি ইউনিয়নেই আমাদের জয় নিশ্চিত করতে হবে।” সভায় উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
