কুমারখালীতে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা বৃদ্ধ মনিরুদ্দিন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ প্রায় ৩০ বছর ধরে ভাড়ায় চালিত ভ্যানে জীবিকা নির্বাহ করে আসছেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মধ্যপাড়া এলাকার বৃদ্ধ মো. মনিরুদ্দিন শেখ। টানাপোড়নের সংসারের খরচ মিটিয়ে তিলেতিলে জমানো প্রায় ৬৫ হাজার টাকা দিয়ে একটি নতুন ভ্যান তৈরি করেছিলেন তিনি। কিন্তু গত ২ মে দুপুরে সংঘবদ্ধ চোর চক্র যাত্রী সেজে তার ভ্যানটি চুরি করে নিয়ে যায়। প্রায় একমাস ধরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান পাননি তিনি। এখন জীবিকার্জন একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই বৃদ্ধ চালক। যে বয়সে অন্য আর আট দশজনের মতো আরাম আয়েশে সময় কাটানোর কথা মনিরুদ্দিনের। কিন্তু সেই বয়সেও স্ত্রী, মানসিক প্রতিবন্ধী ছেলে, ছেলের স্ত্রী ও নাতিপুতিসহ অন্তত ৭জনের সংসারের ঘানি টানতে প্রতিদিনই বের হতে হয় ভাড়ায় চালিত ভ্যান নিয়ে। তবে সারাদিনে অর্জিত আয়ের বড় অংশ চলে যায় ভ্যানের ভাড়া পরিশোধ করতে। ফলে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। পুনরায় নতুন একটি ভ্যান তৈরিতে সকলের সহযোগীতার প্রত্যাশা করছেন চালক মো. মনিরুদ্দিন শেখ। স্ত্রী মনোয়রা খাতুন বলেন, সংসারের নিত্যদিনের খরচ আর ওষুধ ক্রয়ের মাধ্যমে কোনোমত জীবন ধারণের জন্য একটি নতুন তৈরিতে সমাজের বিত্তবানদের সহযোগীতা দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ভ্যান উদ্ধারে আইন- শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ভ্যান তৈরিতে সমাজের বিত্তবানদের সহযোগীতা প্রত্যাশা করেছেন তিনি। সরকারি উদ্যোগ, কিংবা সমাজের বিত্তবানদের সহযোগীতায় বৃদ্ধ মনিরুদ্দিন আবারো ফিরে পাবেন জীবিকার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়ি। এমনটায় প্রত্যাশা স্থানীয়দের।