গভীর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এমপি আমির হামজার আকস্মিক পরিদর্শন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

শফিকুর রহমান \ গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আকস্মিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। রোগীদের অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মন্নান, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। রাতের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। রোগী ও তাদের স্বজনরা সরাসরি সংসদ সদস্যের কাছে নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পান। সংসদ সদস্য আমির হামজা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।