মামলা গ্রহণে ওসিকে কুষ্টিয়ার আদালতের নির্দেশ

শহীদ জিয়া ও শরিফ ওসমান হাদীর কবর ধ্বংসের হুমকি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ \ জাতীয়তাবাদী রাজনীতির দুই শহীদ নেতার কবর গুড়িয়ে দেওয়ার উসকানিমূলক হুমকির অভিযোগে কুষ্টিয়ার আদালত একটি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে এস এম আলম হিল নামে এক ব্যক্তি ‘প্রতিদিন খবর ২৪’ নামক অনলাইন প্ল্যাটফর্মে দুটি ভিডিও বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শহীদ শরিফ ওসমান হাদীর কবর ধ্বংসের হুমকি দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “হাদীর কবর ওখানে থাকবে না। জিয়ার মাজারও ঐখানে থাকবে না। ৩২ নম্বর ভাঙছো… এর প্রতিশোধ বাংলার মানুষ হাড়ে হাড়ে নেবে”। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কুষ্টিয়াসহ সারা দেশে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কুষ্টিয়া জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ সাবাব মামলার বাদী। তিনি বলেন, “অভিযুক্তের এই অবমাননাকর বক্তব্য শহীদদের পরিবারসহ বিএনপি নেতাকর্মীদের অনুভূতিতে গভীর আঘাত করেছে।” এরপর বাদী ইশতিয়াক আহমেদ সাবাব স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান তিনি। আদালত অভিযোগ আমলে নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনাটি কুষ্টিয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্ব অভিযুক্ত এস এম আলম হিলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শহীদ নেতাদের প্রতি এ ধরনের উসকানিমূলক আচরণ যাতে সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা ও কঠোর পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয়রা।