আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

এম সনজু আহমেদ \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় মজনু হোসেন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা-আনন্দধাম সড়কে ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনীতপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মজনু তার ছোট ভাই   আকাশকে আলমডাঙ্গা বাস টার্মিনালে বাসে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আলমডাঙ্গা-আনন্দধাম সড়কে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী টুটুল হোসেন জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, প্রায় এক বছর ধরে আনন্দধাম সড়কে আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। নির্মাণ সামগ্রী, খোয়া ও ঢালাই মেশিন প্রায়ই সড়কে এলোমেলো অবস্থায় পড়ে থাকে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি খোয়ার ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণকাজের ঢালাই মেশিনে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ভ্যানে তুলে হাসপাতালে নেওয়ার সময়ও তিনি সামান্য নড়াচড়া করছিলেন। আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, সড়কে নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি অব্যবস্থাপনার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে স্থানীয়রা দ্রুত মজনুকে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত এবং কাটা জখম ছিল। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাত্র দুই মাস আগে নতুন সংসার শুরু করা মজনুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কের নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত এবং নির্মাণসামগ্রী যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।