হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়া শহরের উত্তর মিলপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শহর স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার কুষ্টিয়ার উত্তর মিলপাড়া ঈদগাহ মাঠে কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহানুর রহমান লিংকনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হয় না, এর যথাযথ পরিচর্যা করতে হয়। কেকে-জিকে নামে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে এবং লাগানো গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের যত্ন নেওয়ার আহ্বান জানাই।” কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, “বৃক্ষ একাধারে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক ভূমিকা পালন করে। নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে পারলে তা দীর্ঘস্থায়ী সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।” বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কর্মসূচির নেতৃত্ব দেন কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহানুর রহমান লিংকন। তিনি বলেন, “বৃক্ষরোপণ একটি চলমান সামাজিক দায়িত্ব। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এই কার্যক্রমে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ও তার স্বেচ্ছাসেবী সংগঠন কেকে-জিকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।” কুষ্টিয়া শহর বিএনপির সাবেক আহ্বায়ক শওকত হোসেন বুলবুল বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের মানুষ গাছের পরিচর্যা জানে। তবে আধুনিক পদ্ধতিতে গাছের যত্ন নেওয়ার বিষয়ে সবাইকে প্রশিক্ষণ দিতে হবে। কেকে-জিকে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।” কর্মসূচিতে আম, জাম, কাঠাল, জলপাই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শহর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও এলাকাবাসীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কেকে-জিকে কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আব্দুল মইদ বাবুল জানান, “২০২৪ সাল থেকে আমাদের এই কর্মসূচি চলছে। মানুষকে সচেতন করতে নিয়মিত সভা-সমাবেশ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছেন। আমরা সবাই সচেতন হলে এ লক্ষ্য অর্জন সহজ হয়ে উঠবে।” বৃক্ষরোপণের মতো ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য কুষ্টিয়া গড়ে তুলতে পারে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ব্যক্তিগত ও সংগঠনিক উদ্যোগের সমন্বয়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা আরও কার্যকর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
