কুমারখালী ফকির লালন শাহ মাঠের পাশ থেকে মরদেহ উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে মরা কালিগঙ্গা নদী থেকে রাফিদ হাসান কনক (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়ার ফকির লালন শাহ মেলার মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার কৃষক আহসান কাইয়ুমের একমাত্র ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানায়, মরা কালিগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত ফকির লালন শাহ গ্রামীণ মেলা মাঠ। শনিবার সকাল ৭টার দিকে নদীতে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এবিষয়ে দুপুরে কুমারখালী থানা চত্বরে কথা হয় নিহত কনকের বাবা আহসান কাইয়ুমের সঙ্গে। তিনি জানান, কনক জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। পথেপথেই বেশি থাকে। কয়েকদিন পর পর বাড়িতে ফিরত। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। এরপর আজ সকাল ৯টার দিকে লালন শাহ মাঠের পাশের নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে খবর দেন স্থানীয়রা। তাঁর ভাষ্য, কনক সাঁতার জানত না। হয়তো হাত – মুখ ধুঁতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা পরে জানানো যাবে।