আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারের বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে জরুরি এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলসে উচ্চ তাপমাত্রার কারণে ৫০০টির বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। মধ্য ও দক্ষিণ ওয়েলসের বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়েছে। ব্লেনাউ গওয়েন্ট অঞ্চলের সব স্কুল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কেয়ারফিলি ও ব্রিজেন্ডের বেশিরভাগ স্কুলেও পাঠদান স্থগিত করা হয়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৪ জুন) দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে, যা বাইরে থাকা মানুষের জন্য ঝুঁকি বাড়াবে।
ওয়েলসের পাশাপাশি ইংল্যান্ডেও অন্তত ৫৭৮টি স্কুল পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ রয়েছে। ফলে দুই অঞ্চলে মিলিয়ে এক হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়েছে।
এর আগে জার্সিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
চরম গরমের কারণে স্থানীয় প্রশাসন নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডে জারি করা চরম তাপমাত্রা সতর্কতাও বাড়ানো হয়েছে।
