জামায়াতের ৪ নেতাকর্মী বহিষ্কার

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন— শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে।

ঘটনার পর জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

জামায়াত জানায়, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। বুধবার ওই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা বরদাশত করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।