ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়: বাংলাদেশ

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে বাংলাদেশ। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাসসকে বলেন, ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে, জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি আগেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, জাহেদ উর রহমান সার্ক ভিসা নিয়ে ভারতে গিয়েছিলেন। ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁর সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়ার পর বিষয়টি নিশ্চিত হলে তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে এরপর তিনি নিজ সিদ্ধান্তে ঢাকায় ফিরে আসেন।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি দেশের দায়িত্ব হলো নিজ ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়সহ সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।