ক্রীড়া ডেস্ক:
৪৮ দলের বিশ্বকাপ নিয়ে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ ও রোমাঞ্চ তৈরি হয়েছে, তেমনি সমালোচনাও কম হচ্ছে না। এবারের আসরে ম্যাচের প্রতি অর্ধে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়েও চলছে বিতর্ক। এর মধ্যেই ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম।
জার্মান সংবাদপত্র ডি জাইট-এ লেখা এক কলামে ফিফা ও বিশ্বকাপ আয়োজনের সমালোচনা করেছেন সাবেক এই ডিফেন্ডার। তিনি অভিযোগ করেন, বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।
লাম লিখেছেন, ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। এর ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। ফিফা ও বিশ্বকাপকে এখন আলাদা করে দেখা কঠিন হয়ে উঠছে।’ বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ফিফার বিরুদ্ধে প্রকৃত চাহিদা সম্পর্কে স্বচ্ছ তথ্য না দিয়ে আয় বাড়ানোর চেষ্টা করার অভিযোগ রয়েছে।
৪৮ দলের বিশ্বকাপ আয়োজন এবং ভবিষ্যতে প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের আলোচনা নিয়েও আপত্তি জানিয়েছেন লাম। তিনি বলেন, একটি বড় টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করতে হলে যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি প্রয়োজন।
তবে সমালোচনার পাশাপাশি ৪৮ দলের বিশ্বকাপের ইতিবাচক দিকও তুলে ধরেছেন লাম। তার মতে, নতুন এই ফরম্যাটের কারণে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো ও কেপ ভার্দের মতো দলের জন্য নিজেদের গল্প তৈরি করার সুযোগ তৈরি হয়েছে।
এর আগেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-এর সমালোচনা করেছিলেন লাম। ২০২২ বিশ্বকাপের সময় তিনি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
