নিজ সংবাদ:
এক–এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ওপর হওয়া নির্যাতনের বিচার দাবি করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান শাম্মী আক্তার।
সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এখনো এক্স–রে করলে দেখা যাবে তার মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে জোড়া লেগে আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। এটি ইতিবাচক বিষয়। তবে শাম্মী আক্তারের মন্তব্য, প্রতিশোধ না নেওয়ার অর্থ বিচারহীনতা নয়।
তিনি বলেন, ‘একটি সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ওপর যে নির্যাতন সংঘটিত হয়েছে, সেই ঘটনার মুখোশ উন্মোচন করা প্রয়োজন। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
বক্তব্যে তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণের একটি পরিকল্পিত কাঠামো। বাজেট বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
