আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যশস্য (চাল) বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে পরিচালিত এ কর্মসূচির আওতায় ১৩৩ জনকে নগদ অর্থ এবং ৫০০টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, আলমডাঙ্গা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৩ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৯ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ৫০০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে মোট ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সরকারের এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বর্তমান সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকার নিয়মিতভাবে নগদ অর্থ, খাদ্যশস্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করছে। তিনি বলেন, কোনো অসহায় মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ সহায়তা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, আলমডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু, বেলগাছি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান। সভায় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য তুলে দেন। এ সময় উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। উপস্থিত বক্তারা বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান মানবিক উদ্যোগ, যা সমাজের অসহায় মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলাতেও নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়ে থাকে।
