নিজ সংবাদ \ একটি দীর্ঘ, গৌরবময় ও নিষ্কলঙ্ক কর্মজীবনের অবসান ঘটল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন ভূমি অফিসের অত্যন্ত জনপ্রিয়, নিষ্ঠাবান ও সততার বাতি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো. আনিসুর রহমান তার ৩২ বছরের দীর্ঘ সরকারি চাকুরির কর্মযজ্ঞ থেকে অবসর নিয়েছেন। গতকাল রবিবার তাঁর শেষ কর্মদিবসে দৌলতপুর উপজেলা ভূমি অফিসে এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে তাঁকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিদায়ের এই ক্ষণে সহকর্মীদের ভালোবাসা আর চোখের জলে তৈরি হয় এক অভূতপূর্ব পরিবেশ। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদায়ী কর্মকর্তার সততা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। বিদায়লগ্নে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত হয়ে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। দীর্ঘ চাকুরিজীবনে সততা, নিষ্ঠা ও নিরলসভাবে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য সহকর্মীরা তাঁর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীবৃন্দ আবেগাপ্লুত হয়ে বলেন, আনিসুর রহমান কেবল একজন দক্ষ সরকারি কর্মকর্তাই ছিলেন না, কর্মক্ষেত্রে তিনি ছিলেন আমাদের একজন অভিভাবক, পথপ্রদর্শক ও সৎ পরামর্শদাতা। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিদায়বেলায় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনিসুর রহমান অশ্রুসজল চোখে বলেন, চাকরি জীবন শেষে আজ আমি অত্যন্ত আবেগাপ্লুত। দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি, কখনও অন্যায়ের সাথে আপস করিনি। কর্মক্ষেত্রে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এবং সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। কাজের সূত্রে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আমি আপনাদের সবার কাছে দোয়া ও আর্শীবাদ প্রার্থী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস তাঁর সমাপনী বক্তব্যে আনিসুর রহমানের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ুআনিসুর রহমান একজন অত্যন্ত সৎ, কর্মঠ ও অনন্য দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং পিয়ারপুর ইউনিয়ন ভূমি অফিসের জটিলতা নিরসনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা প্রতিটি দপ্তরের জন্য অহংকার। তাঁর অবসরকালীন জীবন অত্যন্ত আনন্দময়, সুস্থ ও দীর্ঘ হোক—আমি সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি। বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ তাঁর বক্তব্যে বলেন, আনিসুর রহমান সাহেবের মতো একজন সৎ ও নিরহংকার কর্মকর্তা সরকারি দপ্তরের জন্য বড় সম্পদ। বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যায়ের সাথে আপস না করে সুদীর্ঘ কর্মজীবন পার করা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁর সততা ও নিষ্ঠা আমাদের তরুণ কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কর্মক্ষম অবসর জীবন কামনা করি। অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি ও সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রিয় সহকর্মীকে জড়িয়ে ধরে বিদায় জানান এবং তাঁর সাথে এক স্মারক আলোকচিত্রে অংশ নেন। পরিশেষে, তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিদায়ের ঘণ্টা বাজলেও সহকর্মীদের হৃদয়ে আনিসুর রহমান তাঁর সততা আর কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন দীর্ঘদিন—এমনটাই প্রতিধ্বনিত হচ্ছিল পুরো উপজেলা ভূমি অফিসে।
