মাঠ থেকে সড়কে টাটকা সবজির ব্যতিক্রমী হাট

কাঞ্চনপুর মুন্সীর বাজার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাঞ্চনপুর এলাকায় জিকে সেচ খাল ঘেঁষে সবুজে ঘেরা পাকা সড়কের দুই পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী সবজির হাট। লাউ, কুমড়া, ঝিঙে, বেগুন, মরিচসহ নানা মৌসুমি শাক-সবজি ও ফল নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন স্থানীয় কৃষকরা। পথচারীরা চলার পথেই কিনে নিচ্ছেন তাজা পণ্য। স্থানীয়দের কাছে এটি ‘টাটকা সবজির হাট’ বা ‘মুন্সীর বাজার’ নামে পরিচিত। করোনাকালীন সময়ে স্থানীয় মুন্সী মহুরির উদ্যোগে শুরু হওয়া এই হাট এখন কৃষক ও ক্রেতা উভয়ের জন্য আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। গতকাল রবিবার সরেজমিনে মুন্সীর বাজারে গিয়ে এসব চিত্র দেখা যায়। কৃষক সোহেল রানা জানান, “গত দুই মাস ধরে মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন শাকসবজি এখানে বিক্রি করছি। টাটকা পণ্য দিতে পারায় ক্রেতারা ভালো দাম দিচ্ছেন।”  আরেক কৃষক রেন্টু শাহ বলেন, “কাঁঠাল, কলা, মিষ্টি কুমড়াসহ নানা পণ্য নিয়ে আসি। আমাদের জমির পাশেই এই রাস্তা, তাই সরাসরি বিক্রি করতে পারি।” কৃষক নজির উদ্দিন জানান, “মাঠ থেকে তুলে এনে এখানেই বিক্রি করায় আমাদের জন্য সুবিধাজনক এবং ক্রেতাদেরও আগ্রহ বেশি।” ক্রেতা বিদ্যুৎ কুমার বলেন, “মাঠ থেকে সরাসরি টাটকা সবজি পাচ্ছি কম দামে।” খাইরুল হাসান জানান, “রাস্তার পাশে গ্রামের চাষিরা বাজার বসিয়েছে, তাই টাটকা শাকসবজি কিনতে এখানেই আসি।” চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, “কৃষকরা মাঠ থেকে সরাসরি ফসল বিক্রি করায় ন্যায্যমূল্য পাচ্ছেন, আর ক্রেতারা পাচ্ছেন টাটকা পণ্য কম দামে। এই ব্যবস্থা অব্যাহত থাকলে উভয় পক্ষই উপকৃত হবেন।”