নিজ সংবাদ \ কুষ্টিয়ার দৌলতপুরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৭০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ১০০ জনের ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে সকাল থেকেই রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। আধুনিক যন্ত্রপাতি দিয়ে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিতরণ করা হয়। অনেক রোগী দূর-দূরান্ত থেকে এসে সেবা নিয়ে স্বস্তির হাসি ফিরে পান। এক রোগী জানান, “এখানে বিনামূল্যে চোখের সমস্যা নির্ণয়, চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে।” আরেক নারী বলেন, “ছানি অপারেশনের জন্য বিনা পয়সায় সব ব্যবস্থা করা হয়েছে।” এক রোগী জানান, “আধুনিক মেশিনে পরীক্ষা হয়েছে, ফ্রি ঔষধ ও চশমা পেয়েছি।” চিকিৎসকরা বলেন, সময়মতো চিকিৎসা না পেলে অনেকে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। শারজাহ চ্যারিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ ক্যাম্প পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিকিৎসকদের একজন জানান, “আমরা আশা করি, এই সেবার মাধ্যমে রোগীরা তাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবেন।” আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নিয়মিত এ ধরনের ক্যাম্প পরিচালনা করে তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এমন মানবিক উদ্যোগ সমাজের অন্ধকার কোণে আলো ছড়িয়ে দিচ্ছে।
