জীবননগর প্রতিনিধি \ চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত জীবননগর বাজার এলাকায় সার, বীজ, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এছাড়াও অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ ও প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, জীবননগরে সার, বীজ, চাউল, ওষুধসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ না করার অপরাধে আশরাফুল স্টোরের স্বত্বাধিকারী আশরাফুল হককে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় জয়া বীজ ভান্ডারের মালিক আব্দুল হাকিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স ব্যাতিত ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরের মালিক আব্দুল আলীমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
