মাহমুদুল হাসান চন্দন \ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এবং ‘বাংলার পাট বিশ্বমাত’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল বুধবার (১৭ জুন) সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত। জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল আরাফাত বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষিখাতকে প্রযুক্তিনির্ভর করা জরুরি। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পাটের উৎপাদন বাড়িয়ে চাষীরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারেন। সভাপতির বক্তব্যে পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও মানসম্মত পাটবীজ উৎপাদন এবং তা সম্প্রসারণের বিভিন্ন কৌশল ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে পাট চাষের আধুনিক কলাকৌশল, উন্নত বীজ উৎপাদন, সংরক্ষণ এবং পাট পচানোর আধুনিক রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে চাষীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
