মাহমুদুল হাসান চন্দন \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকার ‘বিসমিল্লাহ হোটেল’-এর সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিসমিল্লাহ হোটেলের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মালবাহী ট্রাকের মধ্যে প্রচন্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই ট্রাকের চালক ও এক হেলপার কেবিনের ভেতরেই আটকা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
