পুরনো রেললাইন বিক্রি নয়, নিরাপত্তা কাজে পুনর্ব্যবহার

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নতুন উদ্যোগ

সোমবার, জুন ১৫, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশ রেলওয়ের পুরনো ও অকেজো রেললাইন নিলামে বিক্রি না করে বিভিন্ন নিরাপত্তামূলক কাজে ব্যবহার করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, রেললাইন সংস্কার ও প্রতিস্থাপনের সময় খুলে রাখা রেলগুলো প্রথমে প্রকল্প এলাকায় সংরক্ষণ করা হয়। পরে সেগুলো বাঁধ সুরক্ষা, রেলফেন্সিং এবং অবৈধ লেভেল ক্রসিং নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পুনর্ব্যবহার করা হয়।

মন্ত্রী জানান, এসব রেল পুনর্ব্যবহারের ফলে রেলওয়ের নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি অর্থ সাশ্রয় হচ্ছে। এ কারণেই পুরনো রেললাইন উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় না।

অন্যদিকে, সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, দেশের জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কার কাজ চলছে। পাশাপাশি সাইন-সিগন্যাল, স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও রাম্বল স্ট্রিপ স্থাপন করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় হতাহত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর মাধ্যমে পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের আগে বাধ্যতামূলক রিফ্রেশার প্রশিক্ষণও চালু করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে সৃষ্ট দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।