নিজ সংবাদ:
ফুটবল বিশ্বকাপ এলেই নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা মো. সোহেলের ব্যস্ততা বেড়ে যায়। গত ৩০ বছর ধরে বিভিন্ন দেশের পতাকা তৈরি ও বিক্রি করেই সংসার চালিয়ে আসছেন তিনি। তবে এবারের বিশ্বকাপ মৌসুমে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ এই পতাকা কারিগর।
নারায়ণগঞ্জ নগরীর কালীরবাজার স্টেশন মার্কেটের সামনে ছোট্ট দোকানেই দিন কাটে তার। সেখানে বাংলাদেশের পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালসহ বিভিন্ন দেশের পতাকা তৈরি করেন তিনি। বিশ্বকাপ এলেই সবচেয়ে বেশি চাহিদা থাকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার।
মাত্র ১৫ বছর বয়সে এ পেশায় যুক্ত হওয়া সোহেল জানান, ৫০ টাকা থেকে শুরু করে ১০-১২ হাজার টাকা মূল্যের বড় আকারের পতাকাও তৈরি করেন তিনি। ৬ ফুট থেকে ৩০ ফুট পর্যন্ত নানা মাপের পতাকা অর্ডার অনুযায়ী বানানো হয়।
তবে আগের তুলনায় বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানান তিনি। ফুটপাতের দোকান উচ্ছেদ এবং ক্রেতা কমে যাওয়ায় আয়ও কমেছে। একসময় বিশ্বকাপ মৌসুমে লাখ টাকার বেশি লাভ হলেও এবার ৫০ হাজার টাকা লাভ হবে কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন।
মজার বিষয় হলো, বিশ্বকাপের পতাকা বানিয়ে জীবিকা নির্বাহ করলেও খেলা দেখার সুযোগ খুব কমই হয় তার। তবুও তার আশা, বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ আবার ফিরবে এবং সেই সঙ্গে ঘুরে দাঁড়াবে তার মতো অসংখ্য ক্ষুদ্র কারিগরের জীবন-জীবিকাও।
